অজ্ঞাত নারী হাসপাতালের মেঝেতে
মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালে মাথার তিনটি স্থানে গভীর ক্ষত নিয়ে মুমূর্ষু অবস্থায় কাতরাচ্ছেন এক নারী। তাঁর ডান হাতটাও ভাঙা। ৪৫ থেকে ৫০ বছরের অজ্ঞাতপরিচয় ওই নারীর ক্ষতস্থানগুলোতে সেলাই করে হাসপাতালের মেঝেতে ফেলে রাখা হয়েছে।
হাসপাতাল থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে এক পথচারী ওই নারীকে হাসপাতালে ফেলে রেখে যান। এরপর জরুরি বিভাগ থেকে ওই নারীর মাথার তিনটি ক্ষতস্থানে পাঁচ থেকে সাতটি করে সেলাই করেন।
এরপর হাসপাতালের নারী ওয়ার্ডের মেঝেতে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী এলাকায় সড়ক দুর্ঘটনায় ওই নারী গুরুতর আহত হন।
সেবিকা ফাতেমা আক্তার জানালেন, শুক্রবার হওয়ায় হাসপাতালে অন্তর্বিভাগে কোনো চিকিৎসক নেই। এ ছাড়া পরিচয় না পাওয়ায় চিকিৎসা দিতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
সিভিল সার্জন সিদ্ধেশ্বর মজুমদার বলেন, অজ্ঞাত রোগীদের চিকিৎসাসেবার দায়িত্ব হাসপাতালের সমাজসেবা বিভাগ পালন করে থাকে। আজ (শুক্রবার) ছুটির দিন থাকায় ওই বিভাগের কোনো কর্মকর্তা নেই।