অজ্ঞাত নারীর এখনো জ্ঞান ফেরেনি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত নারীর এখনো জ্ঞান ফেরেনি। এ কারণে গতকাল পর্যন্ত তাঁর কোনো পরিচয়ও জানা যায়নি। তবে অনেকেই এ নারী ও শিশুকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ১০ দিন ধরে সংজ্ঞাহীন হয়ে পড়ে আছেন অজ্ঞাতনামা এক নারী। তাঁরই পাশে শিশুসন্তানটিও রয়েছে। গত ৩০ জুলাই একটি গাড়ির ধাক্কায় তিনি আহত হন। এরপর পুলিশ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেই থেকে নারীর সঙ্গে শিশুটিও হাসপাতালেই আছে। গতকাল মঙ্গলবার এ নিয়ে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। হাসপাতালের কর্মচারীরা জানান, প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর গতকাল অনেকেই মেয়েটিকে দেখতে হাসপাতালে যান। কেউ শিশুটির জন্য পোশাক কিনে এনেছেন, কেউ এনেছেন খাবার। পাশের রোগী ও তাঁদের স্বজনেরা জানান, অনেকেই এখন ওই নারীর চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন। তবে তাঁদের কোনো স্বজন এখনো আসেননি। তাঁদের আদৌও কোনো স্বজন আছে কি না তাও কেউ জানেন না।