অজ্ঞাত বস্তুটি ঘিরেই চলছে উদ্ধারকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের মাওয়া ঘাটের কাছে পদ্মার তলদেশে পাওয়া অজ্ঞাত বস্তুটিকে ঘিরেই উদ্ধার অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। নদীর অন্যান্য জায়গায় লঞ্চ উদ্ধার অভিযান আপাতত পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।


আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে মাওয়া ঘাটে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক সাইফুল হাসান বলেন, পদ্মা নদীতে লঞ্চ ডুবে যাওয়ার জায়গা থেকে প্রায় ৫০ বর্গকিলোমিটার এলাকায় তল্লাশি চালানো হয়। কেবল মাওয়া ঘাটের এক কিলোমিটারের মধ্যের একটি ধাতব বস্তুর উপস্থিতি ধরা পড়ে। এটি বাদে কোনো কিছুই আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তাই ওই এলাকাবাদে অন্যান্য জায়গার উদ্ধার অভিযান আপাতত পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।


সাইফুল হাসান আরও জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দুটি জাহাজ ‘কান্ডারি-২’ ও ‘জরিপ-১০’ ওই এলাকায় অনুসন্ধান কাজ চালাচ্ছে। কোস্টগার্ড, নৌবাহিনী, বিআইডব্লিউটিএসহ অন্যান্য সব বাহিনীর উদ্ধারকাজ প্রত্যাহার করা হয়েছে। ডুবুরিরা উদ্ধারকাজে সহায়তা করবে বলে তিনি জানান। এ ছাড়া লাশ উদ্ধারে নিয়মিত টহল চলবে। তবে তীব্র স্রোতের জন্য ডুবুরিরা ঠিকমতো কাজ করতে পারছে না।


লঞ্চডুবির সপ্তম দিনে একটি অজ্ঞাত বস্তুকে ঘিরে আশাবাদী হয়ে উঠেছেন উদ্ধারকারীরা। গতকাল শনিবার মাওয়া ঘাটের এক কিলোমিটারের মধ্যে পদ্মার তলদেশে অনুসন্ধানকারী নৌযান কান্ডারি-২-এর ইকো সাউন্ডার নামের যন্ত্রে এটির অবস্থান ধরা পড়ে। যে অজ্ঞাত বস্তুর সংকেত ও ছবি মিলেছে, তার আকার ডুবে যাওয়া পিনাক-৬-এর সমান।

তবে এটিই ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ কি না, সে ব্যাপারে এখনো নিশ্চিত করে কোনো ঘোষণা আসেনি।


আরও এক লাশ উদ্ধার

বেলা সাড়ে ১১টার দিকে বরিশালের মেহেদিগঞ্জ থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে স্থাপিত জেলা পুলিশের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা মজিবর রহমান প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।