অজ্ঞাত ব্যক্তির সঙ্গে বেরিয়ে নিখোঁজ নোয়াখালীর যুবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী পৌরসভার এক যুবক এক মাসের বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন। পরিবার বলছে, অজ্ঞাতনামা এক ব্যক্তির সঙ্গে বাড়ি ছাড়েন তিনি। এরপর থেকে তাঁর মুঠোফোনটিও বন্ধ রয়েছে। পেশায় হোটেল কর্মচারী ওই যুবকের নাম মো. হেলাল উদ্দিন (৩৫)। তিনি নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মতিপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় হেলালের মা অহিদা বেগম ৬ এপ্রিল সুধারাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ হেলাল উদ্দিনের মা গত রোববার প্রথম আলোর নোয়াখালী কার্যালয়ে আসেন। এ সময় তিনি বলেন, হেলাল কুমিল্লার লাকসাম ও বরিশালে হোটেলে কারিগর হিসেবে চাকরি করতেন। ছেলের রোজগারেই সংসার চলত। গত ৬ মার্চ রাতে তাঁর সঙ্গে অজ্ঞাতনামা এক যুবক তাঁদের বাড়িতে আসেন। পরের দিন সকাল সাড়ে নয়টার দিকে ওই যুবকের সঙ্গে হেলাল বাড়ি থেকে বের হন। কোথায় যাচ্ছেন জিজ্ঞেস করলে হেলাল নতুন চাকরিতে যোগ দেওয়ার কথা বলেন।
পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বাড়ি থেকে যাওয়ার পর থেকে হেলালের কোনো খোঁজ নেই। তাঁর ব্যবহৃত মুঠোফোনটি বন্ধও রয়েছে। আত্মীয়স্বজনের বাড়িসহ ঢাকা, চট্টগ্রামে পরিচিত লোকজনের কাছে খোঁজ করেছেন পরিবারের সদস্যরা। কোথাও হেলালের হদিস মেলেনি।
মা অহিদা বলেন, অতীতে হেলাল কখনো এভাবে তাঁকে না জানিয়ে নিখোঁজ থাকেননি। ফলে ছেলের বিষয়ে তিনি খুবই দুশ্চিন্তায় রয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁর ছেলে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না। তবে কিছুটা ধর্মভীরু ছিলেন। অন্য তিন ছেলে তাঁর খোঁজখবর না নিলেও হেলাল সব সময় তাঁকে দেখাশোনা করতেন; সংসারের যাবতীয় ব্যয় বহন করতেন হেলালই।
হেলালের নিখোঁজ হওয়ার বিষয়ে জিডির বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে বলেন, হেলাল এলাকায় খুব একটা থাকতেন না। বিভিন্ন স্থানে হোটেলে চাকরি করতেন। জিডির সূত্র ধরে তাঁর ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রয়েছে। বিষয়টি দেখার জন্য থানার একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।