অজ্ঞাত রোগটি জলবসন্ত!
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অজ্ঞাত রোগটি চিকেন পক্স (জলবসন্ত) বলে প্রাথমিকভাবে নির্ণয় করা হয়েছে।
জেলা সিভিল সার্জন বিজন কান্তি সরকার গতকাল সোমবার বলেন, সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষা করে এটি চিকেন পক্স (জলবসন্ত) বলে জানা গেছে। পাঁচজনের মৃত্যু জলবসন্তে হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটি খতিয়ে দেখতে হবে।
তবে আইইডিসিআর ও আইসিডিডিআরবির সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের প্রতিনিধিদল আক্রান্ত এলাকা পরিদর্শন করে এখনো কোনো তথ্য জানায়নি। তারা বলছে, সংগৃহীত নমুনা পরীক্ষা করে বুধবারের মধ্যে আইইডিসিআরের ভারপ্রাপ্ত পরিচালকের কাছে প্রতিবেদন দেবে।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ, জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, মাস খানেক আগে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের জামশেন গ্রামে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে পাঁচজন মারা যায়। প্রথমে জামশেন গ্রামে এ রোগ দেখা দিলেও ক্রমেই তা নাউরিপাড়া, বরুনখিলা, শেওরাগঞ্জ, মহিষাশুরা গ্রামেও ছড়িয়ে পড়ছে। এসব এলাকায় নারী-শিশুসহ গতকাল পর্যন্ত ৪৫ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এ নিয়ে গত দুদিনে প্রথম আলোতে দুটি খবর প্রকাশিত হয়।
স্থানীয় ব্যক্তিদের ভাষ্য, রোগটির লক্ষণ বসন্ত রোগের মতো। শরীরে ব্যথা, জ্বর, মাথাব্যথা, বমি ও চামড়ায় বসন্তের মতো কালচে গুটি গুটি দাগ দেখা দেয়। গুটি দাগ দেখে স্থানীয়রা প্রথমে এটিকে গুটিবসন্ত বলেছিল। কিন্তু স্থানীয় স্বাস্থ্য বিভাগ আক্রান্ত এলাকা পরিদর্শন করে প্রাথমিকভাবে ধারণা করেছিল, রোগটির নাম ‘ম্যানিনজোক্কাল মেনিনজাইটিস’। এটি ছোঁয়াচে ধরনের রোগ।