অজ্ঞাত রোগে মুরগির মৃত্যু
চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়ায় অজ্ঞাত রোগে একটি পোলট্রি খামারের এক হাজার ব্রয়লার মুরগি মরে গেছে। একই মালিকের আরও একটি খামারে এ রোগ দেখা দিয়েছে। এ ঘটনায় আশপাশের খামারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা বলছেন, গাম্বুরা রোগের কারণে এই মড়ক দেখা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ জন্য খামারমালিকের অসতর্কতা ও অবহেলাই দায়ী। তবে খামারমালিক কবির হোসেন তা অস্বীকার করেছেন। তিনি জানান, তাঁর খামারে গত চার দিনে মারা যাওয়া মুরগিগুলো তিনি গত রোববার রাতে মাটির নিচে পুঁতে ফেলেছেন।
স্থানীয় লোকজন জানান, রোববার রাতে আকন্দবাড়িয়ার একটি আখখেতে বস্তাভর্তি মরা মুরগি পড়ে থাকার খবরে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। সেখানে তাঁরা জানতে পারেন, কবির হোসেনের একটি খামারের সব মুরগি মরে গেছে। তবে আখখেতে পড়ে থাকা ওই সব মরা মুরগি কে বা কারা ফেলে গেছে তা জানা যায়নি।