অজ্ঞাত রোগে ১০ দিনে শতাধিক ছাগলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার তিনটি গ্রামে অজ্ঞাত রোগে গতকাল মঙ্গলবার পর্যন্ত ১০ দিনে শতাধিক ছাগল মারা গেছে। এ কারণে অনেকে কম দামে ছাগল বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন।
দেবনগর গ্রামের পশুচিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, গত ১০-১২ দিনে দেবনগর, রাজনগর ও আখড়াখোলা গ্রামে পাতলা পায়খানা ও গলা ফুলে শতাধিক ছাগল মারা গেছে। রোগাক্রান্ত হওয়ার পর কোনো কোনো ছাগল এক ঘণ্টার মধ্যেই মারা যাচ্ছে।
ছাগল পালনকারী কয়েকজন বলেন, মাঠপর্যায়ে পশুসম্পদ বিভাগের সহকারীরা কর্মরত থাকলেও কেউ গ্রামে আসেন না। তাঁরা খোঁজখবরও নেন না। দেবনগর গ্রামের মোহম্মাদ আলী সরদারের তিনটি, মেহেদি হাসানের একটি, হারুন সরদারের তিনটি, আবদুল মান্নানের দুটি, আহম্মদ আলীর পাঁচটি, এছহাক গাজীর একটি, ওসমান গণির একটি, স্বরূপ সরদারের দুটিসহ তিন গ্রামে শতাধিক ছাগল মারা গেছে।
রাজনগর গ্রামের এবাদুল ইসলাম বলেন, গত ২৪ অক্টোবর থেকে চার দিনে তাঁর নয়টি ছাগল মারা গেছে। সন্ধ্যায় তিনি সুস্থ-সবল ছাগল মাঠ থেকে নিয়ে এসে গোয়ালে রাখেন। সকালে দেখতে পান ছাগলগুলোর গলা ফোলা ও পাতলা পায়খানা করছে। খাওয়া বন্ধ করে দিয়েছে। বিকেলের দিকে সেগুলো মারা যেতে শুরু করে। এতে তাঁর প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
গত শুক্রবার দেবনগর গ্রামের রবিউল ইসলামের দুটো ছাগল একইভাবে মারা গেছে। তিনি জানান, এরপর তিনি অপর দুটি ছাগল মাত্র আট হাজার টাকায় বেচে দিতে বাধ্য হয়েছেন। গত ঈদুল আজহার সময় হাটে ছাগল দুটোর মূল্য ছিল প্রায় ২০ হাজার টাকা।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার বলেন, কোনো মালিক ছাগলের অসুখ কিংবা মারা যাওয়া সম্পর্কে জানাননি।