অজ্ঞাত রোগ আতঙ্কে হাজীগঞ্জের স্কুলে এক সপ্তাহের ছুটি
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গত মঙ্গল ও বুধবার ক্লাস চলাকালে টঙ্গীরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের অর্ধশতাধিক ছাত্রী অজ্ঞাত রোগে অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ৩৫ জনকে চাঁদপুর সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।চিকিৎসকেরা প্রাথমিক অবস্থায় এটিকে গণহিস্টিরিয়া ও স্নায়ুচাপজনিত সমস্যা বলে উল্লেখ করেছেন। এদিকে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় গত বুধবার থেকে ওই বিদ্যালয়ে এক সপ্তাহের ছুটি ঘোষণা করা হয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাফাজ্জল হোসাইন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ক্লাস চলাকালে নবম শ্রেণীর ছাত্রী বিলকিছ আক্তার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সপ্তম থেকে নবম শ্রেণীর সাতজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। বুধবার ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসার পর পুনরায় অসুস্থ হতে থাকে। একপর্যায়ে দেখা যায়, প্রায় ৪০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে।প্রধান শিক্ষক আরও জানান, ছাত্রীদের এ অবস্থার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রদীপ কুমার দত্ত বিদ্যালয়ে এসে কয়েকজন ছাত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করেন। একাধিক ছাত্রী জানায়, অসুস্থ ছাত্রীরা হঠাৎ বুকে ব্যথা অনুভব করে এবং খিঁচুনি দিয়ে অজ্ঞান হয়ে পড়ে।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রদীপ কুমার দত্ত জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা হিস্টিরিয়াসহ মানসিক চাপে আক্রান্ত। একজনের দেখাদেখি অন্যরাও অসুস্থ হয়ে পড়েছে। তিনি বলেন, ‘আমি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য ও এলাকাবাসীর সঙ্গে বৈঠক করে মেয়েদের মানসিকভাবে সাহস দিয়ে মনোবল ঠিক রাখার পরামর্শ দিয়েছি।’