অজ্ঞাত রোগে আক্রান্ত শতাধিক শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সাপাহার উপজেলার ওড়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছে। এ কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে। গতকাল মঙ্গলবার ওই বিদ্যালয়ে মাত্র ১০-১২ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রশিদ এবং অভিভাবক ও তিলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান জানান, গত সোমবার রাতে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শতাধিক শিক্ষার্থী রাতের বিশেষ ক্লাস করতে বিদ্যালয়ে আসে। রাত নয়টার দিকে হঠাৎ করে তাদের কয়েকজনের শরীরের বিভিন্ন স্থান, হাত ও পায়ের তালুতে ছোট দানার মতো কালো ও লালচে দাগ দেখা দেয়। মুহূর্তে বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে এ রোগ ছড়িয়ে পড়ে। রাতেই শিক্ষক রুহুল আমিন আক্রান্ত শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মীম আখতার ও জান্নাতুন নেছাকে হাসপাতালে ভর্তি রাখা হয়। পরে গতকাল দুপুরে তাদের হাসপাতাল থেকে ছাড়া হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা দেওয়ান মাশরুল হোসেন বলেন, প্রথমে লক্ষণ দেখে একে আর্সেনিক সংক্রমণ মনে হয়েছিল। তবে পরে বোঝা গেছে এটি তা নয়। রোগটি ছোঁয়াচে হওয়ায় দু-একজনের শরীর থেকে সবার দেহে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, আক্রান্তদের রক্ত পরীক্ষা করা হয়েছে। তবে ভয়ের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেন তিনি।
নওগাঁর সিভিল সার্জন এ কে এম মোজাহার হোসেন বলেন, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।