অজ্ঞাত রোগে আক্রান্ত ৫৬
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারি ইউনিয়নের তিনটি গ্রামের অর্ধশতাধিক মানুষ অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছে।রাজধানীর মহাখালীতে অবস্থিত রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের প্রধান গবেষণা কর্মকর্তা ফিরোজ আহামেঞ্চদ খানের নেতৃত্বে একটি চিকিৎসা দল শনিবার ওই এলাকা পরিদর্শন করে। তারা আক্রান্ত ব্যক্তিদের রক্ত ও মলমূত্র এবং বসতঘরের মাটি পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় নিয়ে গেছে।সুতিয়ারপাড়, খুলিয়ারচর ও গজারিয়া গ্রামে গেলে চিকিৎসা দল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, খুলিয়ারচর গ্রামের রাশিদা খাতুন (৬০), মারিয়া বেগম (২২) ও মানিক মিয়ার (১৬) হাতের তালু ও পায়ে হঠাৎ লালচে ও হলুদের মতো গুটি গুটি দাগ দেখা দেয়। সেই সঙ্গে চুলকানি ও ব্যথা অনুভূত হলে বুধবার সকালে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। সেখানকার চিকিৎসকেরা রোগ শনাক্ত করতে না পেরে রোগীদের জরুরিভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।শুক্রবার সকালে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রহিমা খাতুন বলেন, তিনি ঘুম থেকে উঠে তাঁর দুই পায়ের তালুতে মেহেদি রঙের মতো একাধিক ফোঁটা ফোঁটা ক্ষতচিহ্ন দেখতে পান; যা ক্রমে বাড়তে শুরু করে। এ অবস্থায় এক দিনের ব্যবধানে তাঁদের পরিবারসহ পাশের আরও ২০-২৫ জন আক্রান্ত হয়। তাদের অধিকাংশই শিশু ও নারী।গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসমত আলী শনিবার বলেন, গত তিন দিনে ওই এলাকায় ৫৩ জন অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছে। গতকাল তিনি বলেন, এক সপ্তাহে এ রোগে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে। প্রতিদিন আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়েই চলছে।তবে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসমত আলী বলেন, আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি। আক্রান্ত ব্যক্তিদের জুতা পরে থাকার পরামর্শ দেন তিনি।রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা ফিরোজ আহামেঞ্চদ খান গতকাল বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা চলছে। রোগ শনাক্ত করতে আরও দু-তিন দিন সময় লাগবে।’