অজ্ঞাত স্থানে নেওয়ার সময় গৃহকর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাম্বুলেন্সে করে গোপনে অজ্ঞাত স্থানে নেওয়ার সময় পুলিশ এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে। গতকাল বুধবার সকালে অ্যামুলেন্সটি কৌশলে আদাবরে ফিরিয়ে এনে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রাহেলা বেগম (৬০) নামের ওই গৃহকর্মীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করা হয়েছে। পুলিশ এ ঘটনায় গৃহকর্তা আমজাদ হোসেন, তাঁর স্ত্রী রেবেকা আঞ্জুসহ সাতজনকে আটক করেছে। আমজাদ আদাবরের ১১ নম্বর সড়কের বাসিন্দা।

পুলিশ সূত্র জানায়, রাহেলার গ্রামের বাড়ি সাতক্ষীরায়। তিনি চার বছর ধরে ব্যবসায়ী আমজাদ হোসেনের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। গতকাল ভোরে গৃহকর্তা তাঁকে ডাকতে গিয়ে মৃত অবস্থায় পান। এরপর একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে কফিনে লাশ ভরে অজ্ঞাত স্থানে নেওয়া হচ্ছিল। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে শ্যামলী থানার পুলিশ গৃহকর্তা ও তাঁর স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায়। তাঁদের তথ্যের ভিত্তিতে পুলিশ কৌশলে রাহেলার লাশবাহী অ্যাম্বুলেন্সে থাকা ব্যক্তিদের ফোন করে সাভারের নয়ারহাট থেকে তাঁদের আমজাদের বাসার সামনে ফিরিয়ে আনে। পুলিশ ওই অ্যাম্বুলেন্স ও কফিন আটক করে। পরে কফিনে থাকা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। পুলিশ অ্যাম্বুলেন্সে থাকা চারজনকে এবং ওই বাড়ির দারোয়ানকে আটক করে আদাবর থানায় নেওয়া হয়।

আদাবর থানার ওসি শামীমুর রশিদ তালুকদার বলেন, ধারণা করা হচ্ছে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমজাদ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক অন্য পাঁচজনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হতে পারে।

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে রাহেলার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।