বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিন কোটি টাকার দরপত্র ছিনতাই ঘটনায় সদর থানায় গত সোমবার মামলা হয়েছে। হাসপাতালের সহকারী পরিচালক সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এতে অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়। মামলার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সোমবার ওই হাসপাতালে তিন কোটি টাকার দরপত্র ছিনতাই হয়। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খানের নেতৃত্বে একদল সন্ত্রাসী এসব দরপত্র ছিনতাই করে বলে অভিযোগ ওঠে। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে সুলতান মাহমুদ খান বলেন, তাঁর নাম উল্লেখ করে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সঠিক নয়। মাহমুদ দাবি করেন, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। তাঁর নামে কোন দরপত্র কেনা হয়নি। তাঁর কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানও নেই।