অজ্ঞাত ৫ জনের লাশ দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বজনের শেষ ছোঁয়াটুকুও মেলেনি তাঁদের ভাগ্যে। আগুন এমন করে পুড়িয়েছে যে তিন সপ্তাহেও কেউ শনাক্ত করতে পারেনি তাঁদের। ‘অজ্ঞাত’ হিসেবেই নিমতলীর অগ্নিকাণ্ডে নিহত পাঁচজনের অন্তিমশয্যা পাতা হয়েছে আজিমপুর কবরস্থানে। গতকাল শুক্রবার তাঁদের লাশ দাফন করেছে আঞ্জুমান-ই-মফিদুল ইসলাম। পরিচয়ের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফ্রিজে রাখা পাঁচজনের মৃতদেহ গতকাল সকালে আঞ্জুমানের কাছে হস্তান্তর করে বংশাল থানার পুলিশ। এর সঙ্গে অজ্ঞাত কয়েক জনের শরীরের খণ্ডিত অংশও (পা) আঞ্জুমানকে হস্তান্তর করা হয়েছে। এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রয়েছে আরও একটি অজ্ঞাত লাশ। আঞ্জুমানের কর্মকর্তা মোহাম্মদ আরিফ প্রথম আলোকে জানান, ‘বংশাল থানার পুলিশ লাশগুলো তাঁদের কাছে হস্তান্তর করলে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।’ বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, এ পাঁচজনের মধ্যে তিনজন মহিলা, দুজন পুরুষ। আর একটি পায়ের অংশ। প্রতিটি দগ্ধ মরদেহ থেকে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে বলেও তিনি জানান। তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা অপর অজ্ঞাত লাশটিও শিগগিরই দাফন করা হবে।গত ৩ জুন রাতে রাজধানীর নিমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২১ জন প্রাণ হারান। এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে ২২ জন অগ্নিদগ্ধ চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। মাথার অংশ উদ্ধার: ঘর পরিষ্কার করার সময় গতকাল রোকেয়া বেগমের (১৪) মাথার অংশবিশেষ খুঁজে পেয়েছে তার স্বজনেরা। রোকেয়ার মামা মো. মামুন জানান, গতকাল সকালে ঘর পরিষ্কারের সময় মাটির সঙ্গে মিশে যাওয়া কিছু অদ্ভুত জিনিস পাওয়া যায়। লোকজন দেখে বলে, এটা মানুষের মাথার অংশ (পুড়ে যাওয়া খুলি ও মগজ)। পরে পুড়ে যাওয়ার পর লাশের অবস্থান অনুযায়ী ধারণা করা হয়, এটা রোকেয়ার মাথার অংশবিশেষ। পরে সেই অংশটি আজিমপুর গোরস্থানে নিয়ে কবর দেওয়া হয়। এর আগে পুড়ে যাওয়া রোকেয়ার লাশ উদ্ধার করা হয়।