ফরিদপুরে দুই পরিচ্ছন্নতাকর্মীকে (সুইপার) কুপিয়ে হত্যার ঘটনায় গত শুক্রবার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় ১০ জনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে পুলিশ।
এদিকে নিজ সম্প্রদায়ের দুজন পরিচ্ছন্নতাকর্মী হত্যার ঘটনায় আতঙ্কে আছে স্থানীয় হরিজন সম্প্রদায়। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে আজ রোববার মানববন্ধন কর্মসূচি পালন করবে তারা। পরে জেলা প্রশাসকের কাছে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে স্মারকলিপি দেওয়া হবে।
শুক্রবার ভোরে শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার সড়কের ওপর পরিচ্ছন্নতাকর্মী মানিক জমাদার (২৮) ও তাঁর শ্যালক ভরত জমাদারের (২২) লাশ পড়ে ছিল। তাঁদের কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতে শহরের অম্বিকাপুর শ্মশানে মানিকের লাশ সমাহিত করা হয়। আর ভরত জমাদারের লাশ নাটোরের চৌকিপাড়া এলাকার শ্মশানে গতকাল শনিবার দুপুরে সমাহিত করা হয়।
এ ঘটনায় শুক্রবার রাতে মানিক জমাদারের স্ত্রী টুম্পা রানী জমাদার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পুলিশ এলাকায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ জন শ্রমিককে আটক করে।