অজ্ঞাতনামা আসামি দিয়ে 'বাণিজ্য' করছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন অভিযোগ করেছেন, সারা দেশে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ঢালাওভাবে মামলা দেওয়া হচ্ছে। এসব মামলায় অজ্ঞাতনামা আসামি দিয়ে পুলিশ ‘গ্রেপ্তার-বাণিজ্য’ করছে।
গতকাল রোববার বাংলাদেশ বার কাউন্সিল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব হোসেন এই অভিযোগ করেন।
খন্দকার মাহবুব বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যও। তদন্ত শেষ কিংবা গ্রেপ্তারি পরোয়ানা জারি ছাড়া কাউকে রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার করে হয়রানি ও নির্যাতন না করার দাবি জানানো হয়।
খন্দকার মাহবুব বলেন, সারা দেশে রাজনৈতিক নেতা-কর্মীদের বিরুদ্ধে ঢালাওভাবে মামলা হচ্ছে। এ ধরনের মামলায় বেশির ভাগ ক্ষেত্রে কয়েকজন আসামির নাম দিয়ে অজ্ঞাতনামা আরও দু-তিন শ, কোনো কোনোটিতে কয়েক হাজার আসামির কথা উল্লেখ করে পুলিশ। তিনি অভিযোগ করেন, এসব মামলায় পুলিশ অজ্ঞাতনামা আসামি হিসেবে এলাকার যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার হুমকি দিয়ে ‘গ্রেপ্তার-বাণিজ্য’ করছে। পুলিশের নির্যাতন থেকে রক্ষা পেতে প্রত্যন্ত অঞ্চল থেকে গ্রেপ্তারের ভয়ে আগাম জামিন লাভের জন্য শত শত মানুষ হাইকোর্টে আসেন।
পুলিশের এ ধরনের গ্রেপ্তার-বাণিজ্য বন্ধের দাবি জানান প্রবীণ এই আইনজীবী। একই সঙ্গে আগাম জামিনের আবেদন নিষ্পত্তির লক্ষ্যে হাইকোর্টের বেঞ্চ বৃদ্ধির জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন জানান।
৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে সারা দেশে এ পর্যন্ত সাত লাখ রাজনৈতিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন (খোকন) দাবি করেন।