অজ্ঞাতনামা দুই যুবক ও এক ছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা ও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গতকাল বৃহস্পতিবার অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ঝুমুর আক্তার নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নেত্রকোনা: পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্বধলা উপজেলার ত্রিমুহুনী এলাকার ধলই নধীর পাড়ে বুধবার রাতে অজ্ঞাতনামা এক যুবকের (২৮) লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে গতকাল ভোরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। গতকাল বিকেল চারটা পর্যন্ত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ওই যুবক বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জুড়ী (মৌলভীবাজার): উপজেলার ছকাপন রেলস্টেশনের কাছে রেলসেতুর পাশে গতকাল এক যুবকের (৩০) দ্বিখণ্ডিত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। বেলা দেড়টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ওই থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম গতকাল বিকেল চারটার দিকে প্রথম আলোকে জানান, ওই ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশের পাশে ছেঁড়া লুঙ্গি ও শার্ট পাওয়া গেছে। ট্রেনে কাটা পড়ে ওই যুবক মারা গেছেন বলে তাঁরা ধারণা করছেন।
রামগতি (লক্ষ্মীপুর): রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের বাড়ি থেকে বুধবার বিকেলে পুলিশ কলেজছাত্রী ঝুমুর আক্তারের (১৮) লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় ওই ছাত্রীর মামা মো. সেলিম বাদী হয়ে রামগতি থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ঝুমুর দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় আক্রান্ত ছিলেন। বুধবার সকাল থেকেই ঝুমুর মারাত্মক যন্ত্রণায় কাতর ছিলেন। একপর্যায়ে তিনি বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
রামগতি থানার এসআই মানিক বড়ুয়া জানান, ঝুমুর তাঁর মামা সেলিমের বাড়িতে থেকে লেখাপড়া করতেন। তিনি স্থানীয় আ স ম আবদুর রব সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেন। তাঁর বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ থানায়। কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার মো. রুবেল নামে এক তরুণের সঙ্গে কয়েক মাস আগে পারিবারের সম্মতিতে ঝুমুরের বিয়ে হয়। দাম্পত্য অশান্তির কারণে ঘটনাটি ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।