অজ্ঞাতনামা দুজনের লাশ উদ্ধার, নদীতে ডুবে ছাত্রের মৃত্যু
গাজীপুরের কাপাসিয়ায় সাফাইশ্রী খেয়াঘাট এলাকায় গতকাল শুক্রবার শীতলক্ষ্যা নদীতে ডুবে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এদিকে টঙ্গীতে ডোবা থেকে অজ্ঞাতনামা যুবকের এবং নরসিংদীর শিবপুর উপজেলায় অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাপাসিয়ায় মারা যাওয়া মাদ্রাসাছাত্রের নাম সাদিকুল ইসলাম (১২)। সে উপজেলার পাঁচরুহা গ্রামের মাইন উদ্দিনের ছেলে ও কাপাসিয়া আরাবিয়া ছাইদিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
একই মাদ্রাসার ছাত্র সাদিকুল, ইব্রাহিম ও জহিরুল সকাল আটটার দিকে মাদ্রাসা-সংলগ্ন শীতলক্ষ্যা নদীর সাফাইশ্রী খেয়াঘাট এলাকায় গোসল করতে যায়। একপর্যায়ে সাদিকুল পানিতে তলিয়ে যায়। সঙ্গীরা খোঁজাখুঁজি করে না পেয়ে মাদ্রাসায় খবর দেয়। পরে প্রশাসন ও এলাকাবাসী স্থানীয় জেলেদের সহযোগিতায় সাদিকুলকে উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে বেলা ১১টার দিকে সাদিকুলের লাশ উদ্ধার করে।
কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদা প্রথম আলোকে বলেন, লাশটি ওই ছাত্রের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
টঙ্গীর ভাদাম এলাকায় একটি ডোবা থেকে গতকাল বিকেলে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর পরনে ছিল সাদা জিনস ও নেভি ব্লু রঙের শার্ট। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
টঙ্গী থানার এসআই মো. শাহীন শেখ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে ডোবায় ফেলে যায়।
এদিকে গতকাল বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকা থেকে অজ্ঞাতনামা (২৫) ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, সুরতহাল প্রতিবেদন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।