আড়িয়ল বিল নিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান
অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা মানবাধিকার লঙ্ঘন
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, একটি ঘটনার পর হাজার হাজার অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করে পুলিশকে অসীম ক্ষমতা দেওয়ার কোনো মানে নেই। এতে মানবাধিকার লঙ্ঘন হয়।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান এ মন্তব্য করেন। আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে গত সোমবার ঢাকা-মাওয়া মহাসড়কে সহিংস বিক্ষোভের ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে। প্রত্যেক মামলায় সাত হাজার ব্যক্তিকে আসামি করা হয়। যাদের বেশির ভাগই অজ্ঞতনামা। এ বিষয়টির প্রতি ইঙ্গিত করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এ কথা বলেন।পরিবেশ বাঁচাও আন্দালন (পবা) আয়োজিত ‘বৈশ্বিক অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের পরিবেশ আইন ও আদালত সংস্কার ভাবনা’ শীর্ষক এ সেমিনারে মিজানুর রহমান একটি স্বাধীন পরিবেশ কমিশন প্রতিষ্ঠার প্রস্তাব করেন। তিনি বলেন, দেশের প্রচলিত আইন দিয়ে পরিবেশসংক্রান্ত সমস্যার সমাধান হচ্ছে না। পরিবেশ কমিশন থাকলে আড়িয়ল বিলে প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণের পরিবেশগত প্রভাবের বিষয়ে সরকারকে পরামর্শ দিতে পারত।আড়িয়ল বিলবাসীর বিক্ষোভের ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিএনপির আহূত হরতাল কর্মসূচিরও সমালোচনা করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। তিনি বলেন, ‘একটি মামলা হলেই তার জন্য হরতাল করা ঠিক নয়। গণতান্ত্রিক দাবি আদায়ে গণতান্ত্রিকভাবেই আন্দোলন করা উচিত।’পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে সেমিনারে সাংসদ সাবের হোসেন চৌধুরী, আইন কমিশনের চেয়ারম্যান শাহ আলম, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবদুস সোবহান প্রমুখ বক্তব্য দেন।