অজ্ঞাতনামা লাশটি চৌগাছার ইউপি চেয়ারম্যান কাশেমের
তিন দিন আগে যশোর শহর থেকে উদ্ধার হওয়া লাশটির পরিচয় মিলেছে। সেটি চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেমের (৫০)। তদন্ত কর্মকর্তার ফেসবুকে ছবি দেখে গতকাল শনিবার পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, পাশাপোল ইউপির চেয়ারম্যান আবুল কাশেম গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সহযোগী আশিককে নিয়ে মোটরসাইকেলযোগে যশোর শহরে যান। তাঁকে শহরের ধর্মতলা এলাকায় পৌঁছে দিয়ে আশিক ফিরে যান। এরপর থেকে আবুল কাশেম পরিবারের সদস্য বা কারও সঙ্গে যোগাযোগ করেননি। নিখোঁজের ঘটনায় গতকালই আবুল কাশেমের ছেলে শাহিনুর রহমান চৌগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আবুল কাশেমের স্ত্রী ফিরোজা বেগম সাংবাদিকদের বলেন, চার দিন ধরে আবুল কাশেমের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁর মুঠোফোন নম্বরটিও বন্ধ রয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, গত বৃহস্পতিবার যশোর শহরের ষষ্ঠীতলাপাড়া এলাকা থেকে মধ্যবয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরিচয় না পাওয়ায় লাশটির ছবি তুলে রেখে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। এ ঘটনায় শুক্রবার কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হায়াত মাহমুদ বাদী হয়ে হত্যা মামলা করেন। এর তদন্ত কর্মকর্তা মিজানুর রহমানের ফেসবুকে লাশের ছবি পোস্ট করা হয়। এ ছবি দেখে পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন।