অজ্ঞাতনামা সংজ্ঞাহীন মেয়েটির উন্নত চিকিৎসা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েটির বয়স আনুমানিক ১২ বছর। দেখতে শ্যামলা বর্ণের। চেহারায় অপুষ্টির ছাপ। সংজ্ঞাহীন হওয়ার নয় দিন পার হয়েছে গতকাল শনিবার। তার কোনো পরিচয় জানা যায়নি। সরিষাবাড়ী হাসপাতাল ঘুরে জামালপুর জেনারেল হাসপাতালের চতুর্থ তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডের মেঝেতে আশ্রয় জুটেছে তার। ওয়ার্ডের সবার দৃষ্টি এখন মেয়েটির দিকে। সবাই বলাবলি করছে, এত দিন সংজ্ঞাহীন হয়ে বাঁচে কি করে? অনেকেই বলছে, তার উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন। জানা গেছে, মেয়েটিকে পাওয়া যায় ১৬ সেপ্টেম্বর জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কোরানিপাড়া গ্রামে। ওই দিন সে বৃষ্টির মধ্যে দৌড় দিয়ে স্থানীয় রিকশাভ্যানচালক জয়নাল আবেদিনের বাড়ির উঠানে গিয়ে মাটিতে পড়ে সংজ্ঞাহীন হয়ে যায়। গ্রামবাসী স্থানীয় পুলিশ তদন্তকেন্দ্রে জানালে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক মো. বশিরুল আলম তাকে উদ্ধার করে ওই দিনই সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করান। সংজ্ঞাহীন অবস্থায় মেয়েটি গত শুক্রবার দুপুর পর্যন্ত সরিষাবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সেখানে আট দিন থাকলেও মেয়েটির কোনো পরিচয় জানা যায়নি। সরিষাবাড়ী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সোহেল মাহমুদ নবী জানান, তার চিকিৎসার কোনো ত্রুটি করা হয়নি। আট দিনেও যখন তার সংজ্ঞা ফিরল না, তখন তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। আট দিনই সে সংজ্ঞাহীন ছিল। জামালপুর জেনারেল হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের নার্স ইনচার্জ শাকিলা শাহানূর জানান, গত শুক্রবার বেলা সোয়া একটার দিকে মেয়েটিকে সংজ্ঞাহীন অবস্থায় ভর্তি করা হয়। তার অবস্থা সংকটাপন্ন। হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের চিকিৎসা কর্মকর্তা মাহমুদুল হাসান মেয়েটির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানান, মেয়েটিকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। প্রয়োজনীয় ইনজেকশন ও বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হচ্ছে। সংজ্ঞা না ফেরায় পেছনের কোনো কারণ জানা যাচ্ছে না। হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দে বলেন, তাকে মেঝে থেকে তুলে বিছানায় স্থান দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো উন্নতি না হলে তাকে দু-এক দিনের মধ্যে ঢাকায় পাঠানো হবে।