অজ্ঞাতনামা হিসেবে তানভীর কাদরীর লাশ দাফন
রাজধানীর আজিমপুরে পুলিশের অভিযানের সময় আত্মঘাতী জঙ্গি তানভীর কাদরীর লাশ অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়েছে। গতকাল সোমবার আঞ্জুমান মুফিদুল ইসলাম তাঁর লাশ জুরাইন কবরস্থানে দাফন করে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশের উপস্থিতিতে আঞ্জুমান মুফিদুল ইসলাম কর্তৃপক্ষ তানভীর কাদরীর লাশ বুঝে নেয়।
জুরাইন কবরস্থানের জ্যেষ্ঠ মোহরার শোয়াইব হোসেন বলেন, গতকাল আঞ্জুমানের আনা একটি লাশই জানাজা শেষে রাত পৌনে আটটায় দাফন করা হয়। জানাজায় তিনি, আঞ্জুমানের কর্মকর্তা মোস্তফা কামাল, লাশ বহনকারী গাড়ির চালক এবং একজন লাশ বহনকারী অংশ নেন।
হাসপাতাল সূত্র জানায়, তানভীর কাদরীর নাম-পরিচয় জানা থাকলেও ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান বরাবর লাশ হস্তান্তরের বিষয়ে লেখা চিঠিতে এটিকে অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ উল্লেখ করে পুলিশ। কাউন্টার টেররিজম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার আহসানুল হকের সই করা ওই আবেদনে বলা হয়, ‘গত ১০ সেপ্টেম্বর একজন অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ সুরতহাল শেষে ময়নাতদন্ত করার জন্য মৃতদেহ আপনার মর্গে সংরক্ষণ করা হয়ছিল। মৃতের আত্মীয়স্বজন বা পরিবারের কেউ মৃতদেহ সৎকারের জন্য গ্রহণ না করায় মৃতদেহটি আঞ্জুমান মুফিদুল ইসলামে ইসলামি শরিয়ত মোতাবেক দাফনের জন্য হস্তান্তর করতে অনুরোধ করা হলো।’ এর আগে গুলশানে হলি আর্টিজানে হামলাকারী পাঁচ জঙ্গিসহ যেসব জঙ্গির লাশ জুরাইনে দাফন করা হয়েছে, তাঁদেরও অজ্ঞাতনামা হিসেবেই দাফন করা হয়।
গত ১০ সেপ্টেম্বর আজিমপুরে জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। অভিযানে নিহত হন ব্যাংক কর্মকর্তা তানভীর কাদরী।