রংপুর সদর উপজেলার সদ্দপুষ্করিণী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটকেন্দ্রে হামলা, ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা, ম্যাজিস্ট্রেট ও পুলিশের ওপর হামলার ঘটনায় ১ হাজার ২০০ অজ্ঞাতনামা ব্যক্তির নামে মামলা হয়েছে।
কোতোয়ালি থানার এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে গতকাল সোমবার এই মামলা করেছেন।
ইউনিয়নের পালিচড়া খান বাহাদুর চৌধুরী কেন্দ্রে গত রোববার রাতে ভোট গণনার সময় হামলার ঘটনা ঘটে। চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা ও মতিয়ার রহমানের দুই পক্ষের সমর্থকেরা ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পুলিশের সঙ্গে উভয় পক্ষের সংঘর্ষে মতিয়ার রহমানের সমর্থক লোকমান হোসেন (৫০) ঘটনাস্থলে মারা যান। পরে ক্ষুব্ধ জনগণের হামলায় কর্তব্যরত ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস ও সহকারী পুলিশ সুপার (এসএসপি) রইস উদ্দিন ও নাসের রিকাবদারসহ ২৫ জনআহত হন।
পুলিশ জানায়, গতকাল সোমবার লোকমানের লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে।