রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গত মঙ্গলবার আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ২০০ অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। ওই দিন রাতে থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম মামলাটি করেন।
উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতির আমরণ অনশন কর্মসূচির ২৩তম দিন মঙ্গলবার সন্ধ্যার পর দুর্বৃত্তরা হামলা চালিয়ে কর্মসূচি পণ্ড করে দেয়। এ ঘটনার প্রতিবাদে আন্দোলনকারীরা ক্যাম্পাসের বাইরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটাসহ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এদিকে অনশনের মঞ্চ ভেঙে দিয়ে শিক্ষকদের মারপিট করার অভিযোগে গতকাল বুধবার বেলা ১১টার দিকে শিক্ষক সমিতির নেতৃত্বাধীন সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র বর্মণ।
এসআই শফিকুল ইসলাম বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ২০০ জন অজ্ঞাতনামা দেখিয়ে মামলাটি দায়ের করা হয়।