কক্সবাজার শহরের ঝাউতলা সায়মন সড়কে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখলের ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা ৫০০ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
মামলার বাদী হয়েছেন সওজ কক্সবাজারের উপবিভাগীয় প্রকৌশলী মো. এমদাদ হোসেন। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক ও আওয়ামী লীগের সাবেক সাংসদ মোস্তাক আহমদ চৌধুরীর নেতৃত্বে লোকজন সওজের ৩০ কোটি টাকা মূল্যের ২৬ শতক মূল্যবান জমি দখলে নেন। গতকাল শুক্রবার প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
মামলার এজাহারে বাদী এমদাদ হোসেন উল্লেখ করেন, স্থানীয় ৪০০ থেকে ৫০০ জন উচ্ছৃঙ্খল ও সন্ত্রাসী বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সায়মন রোডের উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকে সওজের বিভিন্ন স্থাপনা ভাঙচুর এবং সীমানাদেয়াল ভেঙে ফেলে। বাধা দিলে তারা প্রাণনাশের হুমকি দেয় এবং সওজের কার্যালয়ে ঢুকে মূল্যবান আসবাব ভাঙচুর ও সরকারি কাগজপত্র নষ্ট করে। কর্মচারীদের কয়েকটি বাসার সীমানাদেয়ালও ভেঙে ফেলে। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মামলার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, ‘জমিটি নিয়ে আদালতে মামলা রয়েছে। আমরা কাগজপত্র পর্যালোচনা করে ব্যবস্থা নেব।’