ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মা ও দুই মেয়ে খুনের ঘটনায় মামলা করেছেন নিহত খোদেজা খাতুনের ছেলে দুলাল মিয়া। অজ্ঞাতনামাদের আসামি করে গত সোমবার রাতে ফুলপুর থানায় তিনি এ মামলা করেন। তবে গতকাল মঙ্গলবার পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে সোমবার বাড়িতে নিয়ে আসা হয় মা ও দুই মেয়ের লাশ। গতকাল পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়।ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম জানান, এ হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।ফুলপুর উপজেলার বাট্রা গ্রামে আলী হোসেনের স্ত্রী খোদেজা খাতুন (৫০) এবং তাঁর মেয়ে জহুরা খাতুন (১৮) ও মুর্শিদা খাতুনকে (১০) গত রোববার রাতে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন সোমবার সকালে বাড়ির পাশের একটি পুকুর ও নিজেদের ঘর থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তাঁদের হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।