ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ডে ঢুকে রূপালির খোঁজ করতেই একজন বললেন, ‘কই রে, আমাদের রূপালি কই গেল!’ আরেকজন বললেন, ‘ও মনে হয় ওর জানু মায়ের সঙ্গে নিচে গেছে।’এই হাসপাতালে চিকিৎসাধীন সেই অজ্ঞাতপরিচয় নারীর সন্তান রূপালি যে এখানে সবার আদরেই আছে, তা সবার কথা থেকে স্পষ্ট। তবে শিশুটির মায়ের এখনো জ্ঞান ফেরেনি। ওয়ার্ডের কর্তব্যরত নার্স কামরুন নাহার বলেন, রূপালির মায়ের অবস্থা আগের চেয়ে খারাপ হয়েছে। দু-এক দিন আগেও চিৎকার করে কান্নাকাটি করতেন। এখন তাঁর চিৎকারও কমে গেছে।সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ডের বারান্দায় একটি বিছানায় অজ্ঞান অবস্থায় পড়ে আছেন সেই নারী। শুকিয়ে প্রায় বিছানার সঙ্গে লেগে যাওয়া এই নারীর বুকের ওঠানামা দেখে বোঝা যায়, তিনি জীবিত।হাসপাতালের আয়া জানু বেগম সংজ্ঞাহীন ওই নারীর দেখভাল করছেন। সেই সঙ্গে বলতে গেলে রূপালির মায়ের দায়িত্বও পালন করছেন। ঈদে জানুসহ অনেকেই রূপালিকে জামা, পুতুল, খাবার কিনে দিয়েছেন।নার্স কামরুন নাহার বলেন, ‘রূপালি বেশি খুশি হয় তার মাকে ইনজেকশন দিতে দেখলে। সে হয়তো ভাবে, এতে মা সুস্থ হবে। রুপালি স্পষ্ট করে কথা বলতে পারে না। কিন্তু মাকে ডাকতে বললে দৌড়ে মায়ের বিছানার কাছে যায়। কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর যখন মা জাগে না, তখন সরে যায়। রাতে মায়ের পাশের বিছানায় জানুর সঙ্গেই ঘুমায়।’গত ৩০ জুলাই তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ব্যক্তিগত গাড়ির ধাক্কায় মাথায় আঘাত পান শিশুটির মা। এ সময় দুর্ঘটনা থেকে শিশুটি বেঁচে যায়। শিশুটিকে নিয়ে ওই নারী কলোনি বাজারে থাকতেন—এর বাইরে আর কোনো তথ্য এখনো জানা যায়নি। কোনো আত্মীয়স্বজনও আসেনি। তবে প্রথম আলোয় এই নারী ও শিশুকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।