অজ্ঞান করে ৭০ হাজার টাকা লুট
ঈদ উপলক্ষে দুবাই থেকে ৭০ হাজার টাকা পাঠিয়েছে ছেলে। ব্যাংক থেকে সেই টাকা তুলতে গিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর গ্রামের আবুল বাশার। বাড়ি ফেরার পথে ‘অজ্ঞান পার্টি’ কেড়ে নিয়েছে তাঁর ও পরিবারের সদস্যদের এবারের ঈদের আনন্দ। সদর হাসপাতালে চিকিৎসা শেষে গতকাল সোমবার তিনি বাড়ি ফিরেছেন। আবুল বাশারের স্ত্রী তাহমিনা বেগম বলেন, কসবা উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক পদে চাকরি করেন আবুল বাশার। প্রবাসী ছেলের পাঠানো টাকা তুলতে আবুল বাশার গত রোববার সকালে সিটি ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখায় যান। শহরের কাউতুলী বাসস্ট্যান্ড থেকে ফেরার সময় তিনি বাসের মধ্যে ‘অজ্ঞান পার্টির’ খপ্পরে পড়েন। যাত্রী বেশে তাঁকে অজ্ঞান করে ৭০ হাজার টাকা লুুটে নেয় দুর্বৃত্তরা। পরে বাসচালকের সহকারীরা তাঁকে কুমিল্লা-সিলেট মহাসড়কে আখাউড়ার ধরখার বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যান। স্থানীয় লোকজন আবুল বাশারের মুঠোফোনের মাধ্যমে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি।