অজ্ঞান পার্টির কবলে ছাত্রলীগ নেতা
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল (২৮) অজ্ঞান পার্টির কবলে পড়েছেন। তাঁকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকালে গুলিস্তান থেকে মুন্সিগঞ্জের মাওয়ায় যাওয়ার পথে বাসের ভেতর তিনি অজ্ঞান পার্টির কবলে পড়েন।
শেখ রাসেলের বাবা শেখ আবদুর রাজ্জাক প্রথম আলোকে জানান, আজ সকালে রাসেল রাজধানীর গুলিস্তান থেকে বিআরটিসির বাসে শরীয়তপুরের জাজিরার রূপবাবুরচরে গ্রামের বাড়িতে অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। মাওয়া ফেরিঘাটে অজ্ঞান অবস্থায় তাঁকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। সেখানে রাসেলকে এক ব্যক্তি চিনতে পেরে তাঁর পকেটের নোট বুক থেকে নম্বর নিয়ে বাড়িতে ফোন করেন। ওই ব্যক্তি রাসেলকে মুন্সিগঞ্জের লৌহজং হাসপাতালে নিয়ে যান।
রাসেলের বাবার দাবি, রাসেলকে অজ্ঞান করে তাঁর কাছ থেকে দেড় লাখ টাকা মূল্যের তিনটি মুঠোফোন, নগদ টাকা ও কাপড়-চোপড় নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আবদুর রাজ্জাক জানান, তিনি লৌহজং গিয়ে সেখান থেকে রাসেলকে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে তাঁর জ্ঞান ফেরেনি।