অজ্ঞান পার্টির কবলে পড়ে একই পরিবারের পাঁচজন হাসপাতালে
যশোরের কেশবপুর উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামে অজ্ঞান পার্টির কবলে পড়ে একই পরিবারের পাঁচজন মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁরা হলেন প্রসেনজিৎ (২০), সুব্রত (২০), প্রভাত দাস (১৩), প্রদীপ (৭৬) ও বাসন্তী (২৮)। গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের জ্ঞান ফেরে।পারিবারিক সূত্রে জানা গেছে, মাগুরাডাঙ্গা গ্রামের প্রদীপ দাসের পরিবারের লোকজন গত সোমবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর আর তাঁরা কিছু জানেন না। দুর্বৃত্তরা দুটি ঘরের সবকিছু নিয়ে গেছে।অসুস্থ সদস্যরা জানান, তাঁদের ধারণা, মালামাল চুরি করার উদ্দেশ্যেই অজ্ঞাত দুর্বৃত্তরা রাতে গোপনে রান্নাঘরে খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে দিয়ে তাঁদের অজ্ঞান করেছে। তবে বাড়ির একমাত্র সদস্য জয়ন্তী রাতের খাবার না খাওয়ায় তিনি অজ্ঞান হননি এবং দুর্বৃত্তরা তাঁর ঘর থেকে কিছুই নিতে পারেনি। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন প্রভাত দাস জানান, তিনি রাত ১১টায় ঘুমোতে যান। রাত ১২টার দিকে তাঁর মা গ্রিল কাটার শব্দ পেয়ে ঘুম থেকে জেগে চিৎকার দেন। এ সময় পাশের বাড়ির লোকজন এসে দেখেন পরিবারের অন্য সদস্যরা অচেতন হয়ে পড়ে আছেন। প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।