অজ্ঞান পার্টির কবলে পড়ে ব্যবসায়ীর মৃত্যু!
ঢাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গত শুক্রবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার ভাটিসাভার গ্রামের নাজিম উদ্দিন নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নাজিমের লাশ ওই দিন রাতেই গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। ব্যবসায়ী নাজিমের পবিরারের সদস্যদের বিবরণ অনুযায়ী, নাজিম (৫০) ঢাকার আশকোনা এলাকায় সাত্তার স্টোর নামের একটি মুদি দোকান চালাতেন। তিনি ওই এলাকায় সপরিবারে ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে প্রায় ৭০ হাজার টাকা নিয়ে দোকানের মালপত্র কিনতে টঙ্গীর উদ্দেশে বাসা থেকে বের হন। উত্তরা এলাকার জসীমউদ্দিন সড়কে পড়ে থাকতে দেখে পরিচিত এক ব্যক্তি সকাল প্রায় সাড়ে ১০টার দিকে নাজিমকে আশঙ্কাজনক অবস্থায় বাসায় নিয়ে আসেন। এ সময় তাঁর কপালের বাঁ পাশে কালশিটে দাগ ছিল। সঙ্গে কোনো টাকা-পয়সা ছিল না। পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল শনিবার উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ধরনের কোনো অভিযোগ তিনি পাননি।