অজ্ঞান পার্টির খপ্পরে এক রাতে চারজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত সোমবার রাতে কয়েক ঘণ্টার মধ্যে চারজনকে অজ্ঞান অবস্থায় ভর্তি করা হয়েছে। পুলিশের ধারণা, চারজনই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন।তাৎক্ষণিকভাবে ওই চারজনের কারও নাম-পরিচয় জানা না গেলেও তাঁদের তিনজন সিএনজি অটোরিকশাচালক বলে জানা গেছে। শেরেবাংলানগর থানার উপপরিদর্শক (এসআই) নূরুল হক গতকাল মঙ্গলবার বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনের সড়ক ও এমপি হোস্টেলসংলগ্ন সড়ক থেকে দুজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। এঁদের একজনের বয়স আনুমানিক ২৫ ও অন্যজনের ৫০ বছর। ৫০ বছর বয়সী ব্যক্তি একজন অটোরিকশাচালক বলে জানা গেছে। রামপুরা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অমিত কুমার দে বলেন, সোমবার রাত ১১টার দিকে এক ব্যক্তিকে (৩৫) রামপুরা বাজার থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনিও অটোরিকশাচালক বলে ধারণা করা হচ্ছে। হাজারীবাগ থানার পুলিশ জানায়, প্রায় একই সময়ে মোহাম্মদপুরের বছিলা রোডের পাশ থেকে এক অটোরিকশাচালককে (৩৮) অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়।