অজ্ঞান পার্টির খপ্পরে চার রিকশাচালক
চার রিকশাচালককে অজ্ঞান করে ২১ হাজার টাকা লুট করে নেওয়া হয়েছে। বুধবার রাতে ট্রাকে করে ঢাকা থেকে জয়পুরহাট আসার পথে অজ্ঞান পার্টির সদস্যরা তাঁদের কাছ থেকে ওই টাকা লুট করে নেয়। তাঁদের জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ওই চার রিকশাচালক হলেন নওগাঁর পত্নীতলা উপজেলার জুগীপাড়া গ্রামের সাদেকুল (৪৫), শহিদুল (৪০), তরিকুল ইসলাম (৩৫) ও খোকন (৩৫)। হাসপাতালে ভর্তি করানোর পর খোকনের জ্ঞান ফিরলেও বাকি তিনজনের জ্ঞান এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরেনি। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার গুয়াবাড়ী গ্রামের মাফিজুল হক অজ্ঞান অবস্থায় ওই চারজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নেশাজাতীয় কোনো কিছু খাওয়ানোর কারণে তাঁরা জ্ঞান হারিয়ে ফেলেছেন। তিনজনের জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। হাসপাতালে চিকিৎসাধীন খোকন জানান, দুই মাস আগে তাঁরা ঢাকায় রিকশা চালানোর জন্য যান। বাড়ি আসার জন্য তাঁরা গত বুধবার রাতে ঢাকার গাবতলী বাস টার্মিনালে আসেন। এ সময় কম ভাড়ায় যাওয়ার সুযোগ হওয়ায় তাঁরা জয়পুরহাটগামী একটি ট্রাকে ওঠেন। ওই ট্রাকে চালক ও তাঁর সহকারী ছাড়া আরও তিনজন অপরিচিত লোক ছিলেন। ওই অপরিচিত ব্যক্তিরা খাতির জমিয়ে তাঁদের কোমল পানীয় পান করান। এক পর্যায়ে তাঁরা জ্ঞান হারিয়ে ফেলেন। অপরিচিত ব্যক্তিরা তাঁদের কাছ থেকে ২১ হাজার টাকা লুট করে নিয়ে যায়। মাফিজুল হক জানান, গত বুধবার ভোরের দিকে জয়পুরহাট সদর উপজেলা হিচমী বাজারের উত্তর দিকে রাস্তার পাশে তিনি ওই চার রিকশাচালককে অচেতন অবস্থায় পান। পরে সেখান থেকে তিনি তাঁদের হাসপাতালে নিয়ে আসেন।