অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৩ রিকশাচালক অচেতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে তিন রিকশাচালক অচেতন অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন। ভর্তির ছয় ঘণ্টা পর একজনের জ্ঞান ফিরলেও অন্য দুজন অচেতন অবস্থায় রয়েছেন।
হাসপাতাল ও তাঁদের পরিবার সূত্র জানায়, গতকাল সোমবার সকাল সোয়া নয়টার দিকে একজন ট্রাকচালক ও তাঁর সহকারী ওই তিনজনকে অজ্ঞাত পরিচয়ে জেলা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। ভর্তির পর থেকে অচেতন অবস্থায় চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে বেলা তিনটার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার এনায়েতপুর গ্রামের রিকশাচালক শওকত আলীর (৫২) জ্ঞান ফিরলেও পুরো সুস্থ না হওয়ায় তিনি কথা বলতে পারছেন না। তবে তাঁর পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তাঁর ঠিকানা নিশ্চিত হওয়া গেছে।
অন্যদিকে, অচেতন অন্য দুজন হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আটগ্রামের বুলু চৌধুরী (৪৫) ও মেহেদুল ইসলাম (৩৫)। বুলু চৌধুরীর বাবা আবদুস সামাদ ও ছেলে আবুবক্কর সিদ্দিক খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন। আবদুস সামাদ বলেন, তাঁর ছেলে বুলু ও মেহেদুল একই গ্রামের। তারা ঢাকায় রিকশা চালায়ন। বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটেছে। কীভাবে তারা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে, অচেতন থাকায় তাঁদের সঙ্গে কথা বলা যায়নি।
ট্রাকচালক আবদুর রহিম ও তাঁর সহযোগী বলেন, সিমেন্টবোঝাই ট্রাক নিয়ে ঢাকা থেকে জয়পুরহাটে আসার পথে গাবতলী সেতুর কাছে ওই তিনজনসহ আরও ৮-১০ জন যাত্রী বগুড়া আসার কথা বলে তাঁর ট্রাকে ওঠেন। পথে অন্য যাত্রীরা নেমে গেলেও ওই তিনজন ঘুমে থাকায় নামতে পারেনি। পরে তাঁদের ডেকে তুলতে গেলে অচেতন দেখে চালক তাঁদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় ওই ট্রাকটি সাময়িকভাবে আটক করে থানায় নেওয়া হয়েছে। চিকিৎসাধীন তিনজন সুস্থ হলে তাঁদের এবং চালককে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা
নেওয়া হবে।