অজ্ঞান পার্টির খপ্পরে প্রকৌশলী-সাংবাদিক
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সবকিছু খুইয়েছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সুজন দাশ (২৮) নামে এক কম্পিউটার প্রকৌশলী ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাংবাদিক নাসিরুল ইসলাম (৪৫)।সুজন দাশ বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পাতুরিয়া গ্রামের সুভাষ চন্দ্র দাশের ছেলে। তিনি ঢাকার একটি কোম্পানিতে চাকরি করেন। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে অচেতন অবস্থায় যশোরের মনিহার সিনেমা হলের পাশ থেকে উদ্ধার করা হয়। নাসিরুল ইসলাম আমার দেশ পত্রিকার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি। গুরুতর অসুস্থ অবস্থায় গতকাল শুক্রবার ভোরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সুজন দাশের ভাতিজা শিমুল দাশ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় সুজন ঢাকার গাবতলী থেকে খুলনাগামী রুমা পরিবহনে ওঠেন। রাত দুইটার সময়ে তিনি জানান, সকাল ছটায় বাড়ি পৌঁছাতে পারবেন। কিন্তু ভোর পাঁচটা থেকে তাঁর ব্যবহূত মুঠোফোন বন্ধ পাওয়া যায়। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় মুঠোফোনে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি জানান, সুজন দাশ যশোরের মনিহার সিনেমা হলের পাশে অচেতন অবস্থায় পড়ে আছেন। তাঁকে পুলিশের সহায়তায় উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় তাঁর কাছে থাকা ৫০ হাজার টাকা, একটি মুঠোফোন ও অফিসের প্রয়োজনীয় কাগজপত্র কিছুই পাওয়া যায়নি।নাসিরুলের পারিবারিক সূত্রে জানা গেছে, নাসিরুল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে সাকুরা পরিবহনের মঠবাড়িয়াগামী একটি বাসে ওঠেন। ভোর চারটার দিকে বাসটি মঠবাড়িয়া পৌঁছার পর যাত্রীরা বাস থেকে নেমে যান। এ সময় ঘুমিয়ে থাকা নাসিরুলকে এক যাত্রী জাগাতে গিয়ে তাঁকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। ওই যাত্রী নাসিরুলের এক আত্মীয়কে মুঠোফোনে খবর দিলে পরিবারের লোকজন এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অজ্ঞান পার্টির সদস্যরা তাঁকে অচেতন করে মুঠোফোন, পত্রিকার পরিচয়পত্র ও নগদ টাকা নিয়ে গেছে।