অজ্ঞান পার্টির খপ্পরে প্রথম আলোর সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি রাশেদ রায়হান অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল সোমবার ঢাকার গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রাশেদ রায়হানের স্ত্রী জানান, প্রথম আলোর ঢাকা কার্যালয়ে কাজ আছে বলে গতকাল সকাল সাড়ে ছয়টায় রায়হান গোয়ালন্দ শহরের নিজ বাড়ি থেকে বের হন। এ সময় তিনি কেনাকাটা করার জন্য ৭৭ হাজার টাকা নেন। ঢাকার গাবতলী থেকে ৭ নম্বর বাসে ওঠার পর সকাল সাড়ে নয়টার দিকে তাঁর সঙ্গে শেষ কথা হয়। এরপর ওই বাসের এক যাত্রী তাঁর মুঠোফোনে ফোন করে জানান, রায়হান বাসের মধ্যে অচেতন হয়ে পড়ে আছেন।
রায়হানের খালাতো ভাই শরিফুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে তিনি জানতে পারেন, রায়হানকে পল্টন পুলিশ বাক্সের সামনে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তিনি দ্রুত সেখানে এসে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁর চেতনা ফেরেনি।