অজ্ঞান পার্টির খপ্পরে পড়া দুজনের চিকিৎসা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজ্ঞান পার্টির খপ্পরে পড়া মঞ্জুরুল ইসলাম ও সুজনের চিকিৎসা চলছে। সাভারের হেমায়েতপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন দুজনই অসংলগ্ন কথা বলছেন বলে স্বজনেরা জানিয়েছেন।
গত বুধবার গাবতলী থেকে ছেড়ে আসা গাজীপুরগামী বিআরটিসি পরিবহনের আর্টিকুলেটেড (জোড়া লাগানো) একটি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন মঞ্জুরুল ও সুজন। বাসযাত্রীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেন এবং স্বজনদের খবর দেন।
গতকাল বৃহস্পতিবার মঞ্জুরুল ইসলামের ভাই ইদ্রিস আলী প্রথম আলোকে বলেন, ‘দুজনের চিকিৎসা চলছে। ডাক্তার বলছে স্বাভাবিক হতে সময় লাগবে। দুজনই অসংলগ্নভাবে কথা বলছে। মঞ্জুরুল জ্ঞান ফিরলেই বলতেছে, আমার আড়াই লাখ টাকা কই।’ অজ্ঞান দুজনের কাছ থেকে মোট কত টাকা খোয়া গেছে সে বিষয়ে স্বজনেরা নিশ্চিত হতে পারেননি।
গত বুধবার এই দুজনকে শ্যামলীতে বিআরটিসির একটি বাসে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। এ দুজনের কাছ থেকে সহযাত্রীরা ৪০ হাজার টাকা, কাগজপত্র, মানিব্যাগ ও মুঠোফোন উদ্ধার করেন। কয়েকজন সহযাত্রী তাঁদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেন। পরে তাঁদের পরিবার সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায়।