অজ্ঞান পার্টির খপ্পরে পড়া সেই তিন যাত্রী এখন সুস্থ!
নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের বগি থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া সংজ্ঞাহীন তিন যাত্রী এখন সুস্থ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে গতকাল সোমবার দুপুরে তাঁরা বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। তাঁদের পরিচয়ও পাওয়া গেছে।তাঁরা হলেন নেত্রকোনা সদর উপজেলার গাছগড়িয়া গ্রামের লাল চান মিয়া (৭০), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রতনপুর গ্রামের আমির হামজা (৫৮) ও চৌতা গ্রামের আবু তালেব (৬০)। তাঁরা তিনজনই মৌসুমি শ্রমিকের কাজ শেষে বাড়ি ফিরছিলেন। হাসপাতালে ভর্তিসংক্রান্ত কাগজপত্র দেখে এবং তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক প্রথম আলোকে জানান, মোহনগঞ্জ রেলওয়ে বিভাগের লোকজন এ তিনজনকে রোববার সকাল সাড়ে ১০টায় এখানে ভর্তি করলেও ওইদিন গভীর রাতে তাঁদের জ্ঞান ফেরে। বর্তমানে তাঁরা পুরো শঙ্কামুক্ত হওয়ায় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।