অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে একজনের মৃত্যু
গাড়ির যন্ত্রাংশ কিনতে ঢাকায় এসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ হারালেন মো. শফিক (৩৫) নামের এক ব্যক্তি। গতকাল রোববার বিকেলে অজ্ঞান অবস্থায় ফার্মগেটের খামারবাড়ি এলাকার ফুটপাত থেকে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
শফিকের কাছ থেকে ৫৫ হাজার টাকা খোয়া গেছে বলে জানা গেছে। তেজগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোজাম্মেল হক জানান, গাবতলী থেকে সায়েদাবাদগামী ৮ নম্বর মিনিবাসে অচেতন অবস্থায় পড়ে ছিলেন শফিক। পরে মিনিবাসের কর্মীরা তাঁকে খামারবাড়ির ফুটপাতে নামিয়ে দেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
শফিক সিরাজগঞ্জের সাইদুল ইসলাম নামের এক ব্যক্তির গাড়ির যন্ত্রাংশের দোকানে কাজ করতেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে সাইদুল জানান, যন্ত্রাংশ কেনার জন্য ৫৫ হাজার টাকা দিয়ে শফিককে তিনি ঢাকায় পাঠিয়েছিলেন।
ভবন থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু: গতকাল পরীবাগে একটি ভবন থেকে পড়ে ফয়েজ (২০) নামের এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
রমনা থানার পুলিশ জানায়, পরীবাগের আনিস মিয়ার বাড়ির দেয়ালে রং করার সময় হঠাৎ করে পা পিছলে নিচে পড়ে যান ফয়েজ। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।