অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে একজনের মৃত্যু
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে বগুড়ার ধুনট উপজেলার ইসলামপুর গ্রামের ওসমান গনির ছেলে শাহিনুর ইসলামের (৪৫) মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়েছেন তাঁর ছোট ভাই সায়দার আলী (৩৫)। বুধবার রাতে ঢাকা থেকে ধুনটে ফেরার পথে টাঙ্গাইলে এ ঘটনা ঘটে।শাহিনুরের পারিবারিক সূত্রে জানা গেছে, শাহিনুর ও সায়দার গত শনিবার ঢাকায় গিয়েছিলেন রিকশা চালাতে। রিকশা চালানোর আয়ের টাকা নিয়ে বুধবার রাত ১২টায় একটি মিনি ট্রাকে চড়ে তাঁরা বাড়ি ফিরছিলেন। গাড়িতে অজ্ঞান পার্টির সদস্যদের চানাচুর খেয়ে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। পরে অজ্ঞান পার্টির সদস্যরা তাঁদের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার একটি সিএজি স্টেশনের সামনে ফেলে দিয়ে পালিয়ে যায়। বুধবার সকালে পুলিশ অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। বৃহস্পতিবার রাতে পরিবারের লোকজন সংবাদ পেয়ে সেখানে যায় এবং সায়দার আলীর পরনের কাপড় ও ছবি দেখে তাঁকে শনাক্ত করে। আহত শাহিনুরকে সেখান থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।