অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে কলেজছাত্রসহ তিনজন হাসপাতালে
রাজধানীতে গতকাল বুধবার পৃথক ঘটনায় কলেজছাত্রসহ তিনজন অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন। সংজ্ঞাহীন অবস্থায় কলেজছাত্র শাহজাদা সাইফুল, ব্যবসায়ী আবদুল হাই ও মুরগির আড়তের কর্মচারী জনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতাল সূত্র জানায়, গতকাল দুপুরে ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র শাহজাদা সাইফুলকে কারওয়ান বাজার এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হয়। চাঁদনীচক মার্কেটের ব্যবসায়ী আবদুল হাই সকালে বাসে করে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকার মুরগির আড়ত মীম এন্টারপ্রাইজের কর্মচারী জনি। প্রতিষ্ঠানটির মালিক মিজানুর রহমান গতকাল সকালে তাঁকে দুই লাখ টাকা দিয়ে মুরগি কেনার জন্য কারওয়ান বাজারে পাঠান। তিনি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।