অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ছয় লঞ্চযাত্রী হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালগামী তিনটি লঞ্চের ছয়জন যাত্রী অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। গত বুধবার ঢাকা-বরিশাল রুটের এমভি কালাম খান, কীর্তনখোলা-১ ও সুরভী-৭ নামের তিনটি লঞ্চে অজ্ঞান পার্টির খপ্পরে পরে সর্বস্ব হারান ওই ছয় যাত্রী। তাঁদের অচেতন অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবু জাফর দেওয়ান জানান, বুধবার সকালে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া চারজন পুরুষ ও দুই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতের কোনো একসময় তাঁদের চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করা হয়েছে। চেতনা ফিরে না আসায় চারজনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। দুই যাত্রীর পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন বরগুনা জেলার তোফাজ্জেল মিয়া (৭০) ও পটুয়াখালী জেলার আলমগীর হোসেন।পুলিশ জানায়, ঢাকা থেকে বরিশালে আসার পথে কীর্তনখোলা-১, কালাম খান এবং সুরভী-৭ লঞ্চ থেকে ওই যাত্রীদের অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ওই যাত্রীরা নগদ টাকা ও মালামাল খুইয়েছেন বলে জানায় পুলিশ।গত মঙ্গলবার সকালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া পারাবত-১১ লঞ্চের যাত্রী বাকেরগঞ্জের সাইফুল ইসলাম (২৮), বানারীপাড়ার আল-আমিন (২৬) ও উজিপুরের আউয়াল সিকাদারকে (৩০) অচেতন অবস্থায় উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চেতনা ফেরার পর ওই যাত্রীরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে লঞ্চের ডেকে আসার সময় তাঁদের পাশে এক নারী যাত্রী একটি রুমাল ঝাড়া দেয়। এরপর কয়েকটি হাঁচি দেওয়ার পরই তাঁরা অজ্ঞান হয়ে পড়েন।