অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শাহীনুর রহমান (৩২) নামের এক খেলনা ব্যবসায়ী গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গত বুধবার সকালে পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকা খেলনা ব্যবসায়ী শাহীনুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গতকাল বিকেল পাঁচটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কর্তব্যরত চিকিৎসক জানান, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ব্যক্তিরা যেভাবে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন, শাহীনুর একই ধরনের বিষক্রিয়ায় আক্রান্ত ছিলেন।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান হাসপাতালে সাংবাদিকদের বলেন, ধারণা করা হচ্ছে, শাহীনুর অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন। শাহীনুরের স্ত্রী মিলি বেগমও মনে করছেন, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তাঁর স্বামী মারা গেছেন।