অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাত ব্যক্তি হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়ে হাসপাতালে অজ্ঞান হয়ে পড়ে আছেন নাটোরের সিংড়া উপজেলার সাত ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার ভোরে ঈশ্বরদীর দাশুড়িয়া থেকে তাঁদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শী দাশুড়িয়ার আফজাল হোসেন খাঁন জানান, বৃহস্পতিবার ভোরে মাঠে কাজ করতে যাওয়ার সময় তিনি দাশুড়িয়ার কোবাদ ফিলিং স্টেশনের পাশে সাত ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় গাদাগাদি হয়ে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। হাসপাতাল সূত্র জানায়, প্রাথমিক অবস্থায় চার ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সিংড়া উপজেলার বনকুড়ি ও মানিক চাপড় গ্রামের রুহুল আমিন (২৮), আবুল কালাম (৩০), আজমল (৩৫) ও আক্কাস (২২)। কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিম হোসেন জানান, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ওই সাত ব্যক্তিকে বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছিল। এ কারণে তাঁরা অজ্ঞান হয়ে পড়েন। তাঁদের অবস্থা গুরুতর। তিন দিন পার না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। রুহুল আমিনের প্রতিবেশী আনিসুর রহমান জানান, তাঁরা মুন্সিগঞ্জ থেকে দিনমজুরের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। তাঁদের কাছে অনেক টাকা-পয়সা থাকায় অজ্ঞান পার্টির চক্র তাঁদের বিষাক্ত কিছু খাবার খাইয়ে সর্বস্ব লুটে নিয়ে দাশুড়িয়ায় ফেলে যায়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, তাঁরা আক্রান্ত হওয়ার খবর শুনে স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়েছেন।