অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে কুমারখালী যাওয়ার পথে বুধবার অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সব হারিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরিফুল ইসলাম (২২)। ৩২ হাজার টাকা ও মুঠোফোনের সেটসহ ব্যাগ খোয়া গেছে তাঁর।আরিফুল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সান্দিয়ারা রাজাপুর গ্রামের মজিবর শেখের ছেলে।আরিফুল ইসলাম বলেন, ‘আমি গাবতলী থেকে বাসে ওঠার আগে একটি শসা খেয়েছিলাম। কিন্তু শসা খেয়ে আমার কোনো সমস্যাই হয়নি। দুই ঘণ্টা পর দৌলতদিয়া ঘাট থেকে পদ্মা-গড়াই বাসে উঠলে স্থানীয় ওষুধ কোম্পানির লোকেরা বাসের যাত্রীদের একটি করে কালো রঙের বড়ি খেতে দেয়। পাশের যাত্রীর অনুরোধে আমিও ওই বড়িটি খাই। এরপর আমার আর কিছু মনে নেই।’ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাতে অচেতন অবস্থায় খোকসা বাসস্ট্যান্ডের পদ্মা-গড়াই কাউন্টার থেকে আরিফুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আরিফুলের মা বেদেনা খাতুন বলেন, ‘আমার ছেলে ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করে। ওর বড় চাচির লিভারে টিউমার অপারেশনের জন্য ঢাকা থেকে টাকা নিয়ে আসছিল। কিন্তু বিষাক্ত ওষুধ খাইয়ে ওর কাছে থাকা ৩২ হাজার টাকা, মোবাইল ফোনসেটসহ সব কাপড়চোপড় নিয়ে গেছে।’ খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কামরুজ্জামান সোহেল বলেন, রোগী এখন সুস্থ ও সম্পূর্ণ আশঙ্কামুক্ত।