অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে সাতজন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১১২ নম্বর ওয়ার্ডের বারান্দার মেঝেতে সারিবদ্ধভাবে শুইয়ে রাখা হয়েছে সাতজনকে। অঘোরে ঘুমাচ্ছেন সবাই। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অচেতন অবস্থায় এঁদের সবাইকে উদ্ধার করা হয়েছে। তাঁরা সবাই ‘অজ্ঞান পার্টির’ খপ্পরে পড়েছিলেন।ঢাকা মেডিকেল কলেজে হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্যরা জানান, তাঁদের ধারণা, দুর্বৃত্তরা এঁদের খাবারের সঙ্গে নেশাজাতীয় কিছু সেবন করিয়ে সবকিছু লুটে নিয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবন্ধন খাতা ও কয়েকজনের স্বজনের কাছ থেকে এঁদের নাম-পরিচয় জানা যায়। এঁদের মধ্যে মো. কালাম (৩০) ও ইব্রাহিম (২৭) দুই ভাই। চাঁদপুরের হাইমচরে তাঁদের পরিবহনের ব্যবসা আছে। গতকাল বিকেলে শাহবাগের পুলিশ নিয়ন্ত্রণকক্ষের সামনে ফাল্গুন পরিবহনের একটি বাস থেকে তাঁদের অচেতন অবস্থায় নামিয়ে দেওয়া হয়। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তাঁদের স্বজনেরা জানিয়েছেন, ইব্রাহিমের পকেট থেকে ১২ হাজার টাকা খোয়া গেছে। আর অর্ধ-অচেতন কালাম ভাঙা ভাঙা শব্দে জানিয়েছেন, তাঁর কাছে দুই লাখ টাকা ছিল, যা নিয়ে গেছে দুর্বৃত্তরা।ময়মনসিংহের গফরগাঁওয়ের আবদুল কাদির (৪০) কুমিল্লায় চাকরি করেন। গ্রামের বাড়ি যাওয়ার জন্য কর্মস্থল থেকে মঙ্গলবার বের হন তিনি। এরপর গতকাল ভোরে তাঁকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় কমলাপুর রেলস্টেশনে। পুলিশ তাঁকে উদ্ধার করে গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।খুলনার সোনাডাঙ্গার কাপড় ব্যবসায়ী আবদুুল কাদির (৪০) ঢাকায় এসেছিলেন কাপড় কিনতে। গতকাল সকালে পুলিশ গুলিস্তান এলাকা থেকে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি।কুয়েত-প্রবাসী নাজির আহমেদকে (৪৫) গতকাল সন্ধ্যায় অজ্ঞান অবস্থায় সায়েদাবাদ থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নাজিরের ভাস্তে জাহাঙ্গীর আলম জানান, নাজিরের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের নারায়ণপুরে। গতকাল কাজে ঢাকায় এসেছিলেন তিনি। তাঁর পকেট থেকে ১৮ হাজার টাকা খোয়া গেছে। ঢাকার ওয়ারীর ব্যবসায়ী পঙ্কজ সাহাকে (৬০) ভর্তি করা হয় গতকাল সন্ধ্যায়। তিনি সিলেটের মাধবপুর থেকে ঢাকায় ফিরছিলেন। সন্ধ্যায় গুলিস্তান থেকে তাঁকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়।গতকাল সকালে সেলিম (২৫) নামের এক তরুণকে অজ্ঞান অবস্থায় ভর্তি করা হয়। তাঁর সম্বন্ধে এর বেশি কিছু জানা যায়নি।এ ছাড়া গত মঙ্গলবার গভীর রাতে গেন্ডারিয়া থানা পুলিশ অজ্ঞাত পরিচয় একজনকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করায়।