অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ১৫ জন হাসপাতালে
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মসজিদে তাবলিগ জামাতের সদস্যদের চেতনানাশক খাইয়ে তাঁদের টাকা-পয়সা, মুঠোফোনসহ বিভিন্ন মাল নিয়ে পালিয়ে গেছে এক প্রতারক। চেতনানাশক খাওয়ার কারণে ১৫ জন অসুস্থ হয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার দুপুরে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বেশির ভাগ সদস্যেরই জ্ঞান ফেরেনি।তাবলিগ জামাতের সদস্যরা জানান, তিন দিন আগে সিলেটের হবিগঞ্জ এলাকা থেকে তাবলিগ জামাতের ১৭ জন সদস্যের একটি দল উপজেলার কাশিপুর গ্রামের মসজিদে আসেন। গত বৃহস্পতিবার রাতে এ দলের সদস্য হারিফ হাওলাদার নিজের ছেলে হাফেজ হয়েছেন, এই খবর দিয়ে জামাতের সব সদস্যকে মিষ্টিমুখ করাতে চান। একপর্যায়ে তিনি রাতে পাশের মোকামতলা বাজারে গিয়ে এক কিলোগ্রাম মিষ্টি এবং চার বোতল পানীয় কিনে আনেন। জামাতের আমির ছাড়া সবাই এ মিষ্টি খান। পরে সবাই অজ্ঞান হয়ে পড়েন। এদিকে আমির ঘুমিয়ে পড়লে প্রতারক তাঁদের কাছে থাকা টাকা-পয়সা, মুঠোফোন, ঘড়িসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে সটকে পড়ে।স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আবু সালেহ দ্বীন মোহামঞ্চদ জানান, গতকাল সকালে ১৫ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের চেতনানাশক খাওয়ানো হয়েছিল।