অজ্ঞান পার্টির খপ্পরে রিকশাচালকের মৃত্যু!
রাজধানীর গেন্ডারিয়ায় গতকাল শুক্রবার অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মোহাম্মদ আলী (৩০) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, নূরুন্নবী নামের এক ব্যক্তি গতকাল সন্ধ্যা সাতটার দিকে মোহাম্মদ আলীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।নূরুন্নবী সাংবাদিকদের বলেন, রিকশাচালক মোহাম্মদ আলী তাঁর পরিচিত। সন্ধ্যার দিকে তিনি খবর পান, কে বা কারা গেন্ডারিয়া বাজারসংলগ্ন রেললাইন এলাকায় মোহাম্মদ আলীকে কিছু খাইয়ে তাঁর রিকশা ছিনিয়ে নিচ্ছে। তিনি দ্রুত সেখানে গিয়ে মোহাম্মদ আলীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তবে রিকশাটি খোয়া যায়নি।রাত আটটার দিকে যোগাযোগ করা হলে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা এখনো শুনিনি।’মোহাম্মদ আলীর ভাই শরীফুল ইসলাম বলেন, তাঁদের গ্রামের বাড়ি নবাবগঞ্জে। বাবা আলমাস উদ্দিন। মোহাম্মদ আলী এক সন্তানের জনক।