অজ্ঞান পার্টির খপ্পরে সিঙ্গাপুরপ্রবাসী
ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গত শনিবার বাসের ভেতরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ১০ লক্ষাধিক টাকার মালামাল খুইয়েছেন কামরুল ইসলাম (৩৫) নামের এক সিঙ্গাপুরপ্রবাসী। তাঁর বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মেরাকোনা গ্রামে। কামরুল ইসলাম জানান, তিনি শনিবার সকালে সিঙ্গাপুর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। বাড়ি থেকে তাঁকে নিতে আসেন তাঁর বড় ভাই খায়রুল ইসলাম। বিমানবন্দর থেকে তাঁরা রাজধানীর মহাখালী বাস টার্মিনালে যান। টার্মিনাল থেকে টিকিট নিয়ে তাঁরা বন্যা পরিবহনের একটি বাসে মালামালসহ ওঠেন। বাসটি নান্দাইলের দিকে আসার সময় এক অপরিচিত যাত্রী তাঁদের সঙ্গে আলাপ করে সখ্য গড়ে তোলেন। একপর্যায়ে বড় ভাই খায়রুলকে একটি বিস্কুট খেতে দেন ওই যাত্রী। কিছুক্ষণ পর তাঁকেও একটি বিস্কুট খাওয়ান। এরপর তাঁরা দুজন বাসে ঘুমিয়ে পড়েন। তাঁদের জ্ঞান ফেরে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর। কামরুল আরও জানান, বাসে ওঠার পর তিনি চালকের কথামতো বিদেশ থেকে আনা মালামাল তাঁর (চালক) পেছনের আসনে রাখেন। তিনি অভিযোগ করেন, অজ্ঞান পার্টির সদস্যদের সঙ্গে ওই বাসের চালক ও সহযোগীর (হেলপার) যোগাযোগ রয়েছে। তা না হলে বাস থেকে তাঁদের লাগেজগুলো অজ্ঞান পার্টির লোকেরা কীভাবে নিল। এ ঘটনায় তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।বন্যা পরিবহনের নান্দাইল কাউন্টারের টিকিট মাস্টার ইসলাম উদ্দিন শনিবার দুপুরে অজ্ঞান অবস্থায় ওই দুই যাত্রী তাঁদের বাসযোগে নান্দাইল আসার তথ্য নিশ্চিত করেছেন। ইসলাম উদ্দিন বাসের নম্বর উল্লেখ করে বলেন, ওই বাসচালকের নাম আবদুর রশিদ। এ বিষয়ে তথ্য সংগ্রহের জন্য নান্দাইল পৌর শহরের আচারগাঁও এলাকায় অবস্থিত বন্যা পরিবহনের কাউন্টারে গেলে উপস্থিত লোকজন জানান, কিছুদিন পরপরই বাসগুলোতে এ ধরনের ঘটনা ঘটছে। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মামলা করার সুযোগ না দিয়ে একটি মহল তা ধামাচাপা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।বন্যা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশীষ দাস বলেন, এ ধরনের ঘটনা তাঁদের পরিবহনে এবারই প্রথমবারের মতো ঘটেছে।