অজ্ঞান পার্টির খপ্পরে ২৬ গরু ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গরু বিক্রি করতে এসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন ২৬ ব্যবসায়ী। ঘুমের ওষুধ মেশানো খাবার খেয়ে তাঁদের ভর্তি হতে হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। তাঁরা খুইয়েছেন প্রায় ১৬ লাখ টাকা। চট্টগ্রামের স্টিল মিল অস্থায়ী গরুর হাটে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
গরু ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, বাজার কমিটির সদস্যরা গতকাল রোববার ভোরে অজ্ঞান অবস্থায় ২৬ ব্যবসায়ীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাঁদের মধ্যে ফরিদপুরের ১৪ জন, চাঁপাইনবাবগঞ্জের সাতজন এবং বগুড়ার পাঁচজন ব্যবসায়ী রয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা গরু ব্যবসায়ী মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘গত শনিবার রাত নয়টার দিকে রাতের খাবার খেয়ে অজ্ঞান হয়ে পড়ি আমরা সাতজন। এ সময় আমাদের প্রায় ১৩ লাখ টাকা কে বা কারা হাতিয়ে নিয়েছে।’ বগুড়া থেকে আসা মকসুদ আলী বলেন, ‘ঘুমের ওষুধ মেশানো রাতের খাবার খেয়ে আমাদের পাঁচজন অসুস্থ হয়েছেন। অজ্ঞান পার্টির সদস্যরা প্রায় সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে।’
চমেক হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার আবু হানিফ চৌধুরী জানান, খাবারে ঘুমের ওষুধ মেশানো হয়েছে।