অজ্ঞান পার্টির বিরুদ্ধে অভিযানের নির্দেশ
ফুটপাত, লঞ্চঘাট, বাসস্টেশন এবং হাটবাজারে অজ্ঞান পার্টি ও মলম পার্টির বিরুদ্ধে রাজধানীসহ সারা দেশে কার্যকর অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
ঈদুল আজহা সামনে রেখে অজ্ঞান পার্টি ও মলম পার্টির অপতৎপরতা রোধে গতকাল বুধবার পুলিশ সদর দপ্তরের এক সমন্বয় সভায় আইজিপি এ নির্দেশ দেন।
আইজিপি বলেন, দেশের সাধারণ যাত্রী এবং হাটবাজারে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সে জন্য অজ্ঞান পার্টি, মলম পার্টির চিহ্নিত সদস্যদের নিরীক্ষণ করে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। পুলিশের প্রতিটি ইউনিটে এসব চক্র-সম্পর্কিত তথ্য পর্যালোচনা করে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সব পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দেন।
পুলিশপ্রধান আরও বলেন, অজ্ঞান পার্টির সম্ভাব্য রূপ, তাদের অপরাধপ্রক্রিয়া সম্পর্কে জনগণকে সজাগ করতে হবে। সে জন্য প্রতিটি বাস ও বাস টার্মিনালে, লঞ্চঘাট ও লঞ্চে, রেলস্টেশনে ও রেলগাড়িতে লিফলেট বিতরণ, মাইকিং, অডিও-ভিজ্যুয়াল প্রচারণা চালানোর জন্যও পুলিশ এবং পরিবহনমালিকদের অনুরোধ জানান তিনি।
সভায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, অজ্ঞান পার্টি ও মলম পার্টি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ডিএমপি ইতিমধ্যেই ১০ হাজার লিফলেট ছেপেছে। প্রতিটি বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশনে সেগুলো সেঁটে দেওয়া হবে।
ডিএমপির যুগ্ম কমিশনার (গোয়েন্দা) মো. মনিরুল ইসলাম বলেন, চলতি বছর রাজধানীতে ডিবি এককভাবে অজ্ঞান পার্টির ১০৯ জন সদস্যকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ৭৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। ২৬টি মামলা বিচারাধীন।
সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস) মো. মোখলেসুর রহমান, ডিআইজি ঢাকা রেঞ্জ এস এম মাহ্ফুজুল হক নূরুজ্জামান ও ঢাকার আশপাশের জেলাগুলোর পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।